শিশুশিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে রাখতেন মাদরাসার মুহতামিম

আরটিভি নিউজ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ১০:০৩ পিএম


শিশুশিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে রাখতেন মাদরাসার মুহতামিম
ছবি: সংগৃহীত

খুলনায় একটি মাদরাসায় এক শিক্ষার্থীর (১০) পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরিবারের অভিযোগ, দিনমজুর বাবা ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদরাসায় ভর্তি করেছিলেন। তবে মাদরাসার মুহতামিম শিশুটিকে ব্যক্তিগত কাজ করানো, গরু-ছাগল চরানোসহ বিভিন্ন কাজে বাধ্য করতেন। এসব কাজে আপত্তি জানালে তাকে মারধর ও বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতো।

আরও পড়ুন

শিশুটির মা রত্না বেগম জানান, তার ছেলে প্রায়ই মাদরাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসত। রোববার বিকেলে ছেলেকে আনতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসার একটি কক্ষে পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখতে পান।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত মুহতামিমকে আটক করে। উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রোববার রাতেই শিশুটির মা বাদী হয়ে আড়ংঘাটা থানায় শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারায় মামলা করেন। ওই মামলায় মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান গণমাধ্যমকে বলেন, শিকলবন্দি অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission