সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুর রহমান (১২) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্যরা জানান, আবদুর রহমানের পাঁচ বছর বয়সে তার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে আবদুর রহমান তার খালা শেফালি খাতুনের কাছে থাকত। বুধবার (৮ জুলাই) সকালে শেফালি খাতুন তার স্বামীকে নিয়ে সাতক্ষীরা শহরে চিকিৎসকের কাছে যান।
বাড়িতে ফিরে তারা আব্দুর রহমানকে না পেয়ে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরটিভি/আইএম




