আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই ইংরেজি পরীক্ষার প্রশ্ন তদন্তে কমিটি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৯:৩৯ পিএম


আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই ইংরেজি পরীক্ষার প্রশ্ন তদন্তে কমিটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতীফ ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির অর্ধ-বার্ষিক ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে প্রায় ৭০-৮০টি বানান ভুলের অভিযোগ এবং বিষয়টি নিয়ে বুধবার (১৫ জুলাই) আরটিভিতে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার স্বাক্ষরিত ১৫ জুলাইয়ের এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে মতামতসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নেসা সুমিকে আহ্বায়ক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবিরকে সদস্য, উপজেলা শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামকে সদস্য এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

উল্লেখ্য, চলমান ষষ্ঠ শ্রেণির অর্ধ-বার্ষিক ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে অসংখ্য বানান ভুল ধরা পড়ে। প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আরটিভিতে সংবাদ প্রচারিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

এদিকে, একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির প্রাক-নির্বাচনি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষার একটি প্রশ্ন নিয়েও সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরপর দুটি প্রশ্নপত্রকে ঘিরে সমালোচনায় পড়ে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

স্থানীয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্রে এত ভুল থাকা অত্যন্ত হতাশাজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission