টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/ এসকেডি




