বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (১৮ জুলাই) র্যাব-১০ এর সিপিসি ৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেজর ফারহান মাহমুদ জানান, গ্রেপ্তার আতিয়ার দর্জি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগরের বাসিন্দা। তার কাছ থেকে একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। নিজেদের সরকারি উচ্চপর্যায়ের ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তারা বিভিন্ন তদবির, প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিল।
এ ঘটনায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে নিশ্চিত হওয়া যায়, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই। পরে এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
মেজর ফারহান বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, চক্রটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ভুয়াভাবে ব্যবহার করে প্রতারণা, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালিয়ে আসছিল।
গ্রেপ্তার আতিয়ার দর্জিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি সরকারি বা গুরুত্বপূর্ণ পরিচয় ব্যবহার করে যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত না হয়ে অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের প্রতারণার তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
আরটিভি/ এসকেডি




