জর্দার কৌটায় মিলল সোনা-টাকা, ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড গার্ড

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৯:২৫ পিএম


জর্দার কৌটায় মিলল সোনা-টাকা, ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড গার্ড
মো. মোশারফ হোসেন-ছবি: সংগৃহীত

ট্রেনের ময়লার ঝুড়িতে পেয়েছিলেন দুটি জর্দার কৌটা। শাশুড়ি জর্দা পছন্দ করেন বিধায় সেটি নিজের কাছে রেখেও দিয়েছিলেন তাকে দেওয়ার জন্য। একটি কল পেয়ে তিনি কৌটা খুলে দেখেন, এতে আছে সোনার অলংকার ও টাকা। এবার অবশ্য না রেখে মালিকের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন মো. মোশারফ হোসেন। কয়েক ঘণ্টার মধ্যে ফেরত দিয়েও দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে এই সোনার চেইন ও টাকা ফেলে যান যাত্রী। স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকা বাসিন্দা। এই দৃষ্টান্তের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে অনেকেই প্রশংসা করছেন। ঘটনার শুরু গত ১৫ জুলাই সন্ধ্যায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের খাবার গাড়িতে থাকা এক নারী যাত্রী ময়লার ঝুড়িতে দুটি জর্দার কৌটা ফেলে যান। কৌটাগুলো খালি মনে করে ওই নারী এগুলো ফেলে দেন।

ওই দুই কৌটার একটিতে সোনার চেইন ও আরেকটি নগদ দুই হাজার টাকা ছিল। ট্রেনে চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে জর্দার কৌটায় সোনার অলংকার ও টাকা রাখা হলেও ওই নারী বিষয়টি ভুলে গিয়েছিলেন।

এদিকে ওই যাত্রী কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নেমে যান। বাড়িতে যাওয়ার পর নিজের ভুল বুঝতে পারেন ওই নারী। এরই মধ্যে ট্রেনে জরিমানা গুনতে হওয়া টিকিটের গায়ে একটি ফোন নম্বর দেখতে পান। সেই নম্বরে কল করা হলে হারিয়ে যাওয়া জিনিসের সন্ধান পান তিনি।

আরও পড়ুন

মোশারফ হোসেন বলেন, বুধবার রাতে আম খেয়ে খোসা ময়লার ঝুড়িতে ফেলতে গিয়ে দেখি জর্দার কৌটা পলিথিন মোড়ানো। আমার শাশুড়ি জর্দা পছন্দ করেন বিধায় ওনার জন্য এগুলো রেখে দিই। এরই মধ্যে আমার কাছে ফোন আসে সোনা ও টাকা হারিয়ে যাওয়ার বিষয়ে। তখন আমি জানাই যে এমন কিছুই পাইনি। এ সময় ওই প্রান্ত থেকে বলা হয় জর্দার কৌটায় এগুলো ছিল। কথা শুনেই আমি জানিয়ে দিই যে কৌটাগুলো আমার কাছে আছে। পরে খুলে দেখি এতে একটি সোনার চেইন ও দুই হাজার টাকা আছে। মহানগর ট্রেনটি রাতে নিশিথা এক্সপ্রেস হয়ে চট্টগ্রামের দিকে ফেরার পথে যাত্রীর স্বজনের কাছে এগুলো বুঝিয়ে দিই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যের জিনিস আমি কেন রাখব! এটা ফিরিয়ে দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার খুব ভালো লেগেছে। চাকরি জীবনের প্রায় ২০ বছর চলছে। ওই সময়ে আরও যাত্রীর কিছু জিনিসপত্র ফিরিয়ে দিয়েছি।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission