গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজের দুই দিন পর ঢাকার আশুলিয়ার বংশী নদী থেকে ভাসমান অবস্থায় মঈনুল ইসলাম (৫৫) নামের এক ওয়েস্টেজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাইদগাঁও দক্ষিণপাড়া এলাকায় বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার কাছে থাকা ২৬ হাজার ৩৪০ টাকা, একটি ভিভো স্মার্টফোন এবং বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়।
নিহত মঈনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ওয়েস্টেজ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভগ্নিপতি সফিকুল ইসলাম জানান, তার স্ত্রীর ভাই মঈনুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, রোববার আশুলিয়ার বংশী নদীতে একটি মরদেহ ভাসছে- এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মরদেহটি মঈনুল ইসলামের বলে শনাক্ত করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, ওই ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরটিভি/টিআর




