বৃষ্টি উপেক্ষা করে লাখো ভক্তের উল্টো রথযাত্রা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৭:০৬ পিএম


বৃষ্টি উপেক্ষা করে লাখো ভক্তের উল্টো রথযাত্রা
বৃষ্টি উপেক্ষা করেও উল্টো রথযাত্রা টেনে নিয়ে যাচ্ছেন লাখো ভক্তবৃন্দরা। ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৫৯তম উল্টো রথযাত্রা।

শতবর্ষের ঐতিহ্য বহনকারী এ ধর্মীয় উৎসবকে ঘিরে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা সাচারে সমবেত হতে থাকেন। বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলেও ভক্তদের উৎসাহে এর কোনো প্রভাব পড়েনি।

দিনব্যাপী পূজা-অর্চনা, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বিকেলে শুরু হয় উল্টো রথযাত্রার মূল পর্ব। হাজারো-লাখো ভক্ত একসঙ্গে রশি টেনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথ সাচার বাজারের নির্ধারিত পথ অতিক্রম করে শ্রীশ্রী জগন্নাথ ঠাকুর পূজা ও সাংস্কৃতিক সংঘের মন্দিরে ফিরিয়ে নিয়ে যান। এ সময় চারদিকে ভক্তিমূলক সংগীত, শঙ্খধ্বনি ও হরিনাম-সংকীর্তনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন

উল্টো রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

শ্রীশ্রী জগন্নাথ ঠাকুর পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি কৃষ্ণ বসু এবং সাধারণ সম্পাদক বাসুদেব সাহা জানান, সাচারের ঐতিহ্যবাহী রথযাত্রা ও উল্টো রথযাত্রা বহু বছরের ধর্মীয় ঐতিহ্যের অংশ। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্তের সমাগমে উৎসবটি সম্প্রীতি, ভক্তি ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। বৈরী আবহাওয়াও ভক্তদের এই ধর্মীয় অনুভূতি ও অংশগ্রহণকে থামিয়ে রাখতে পারেনি। বরং বৃষ্টিভেজা পরিবেশে রশি টেনে প্রভুকে মন্দিরে ফিরিয়ে দেওয়ার দৃশ্য উৎসবকে আরও আবেগঘন ও স্মরণীয় করে তোলে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission