ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুই মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) কসবা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এসআই মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে শাহপুর দক্ষিণ-পূর্বপাড়া কবরস্থানের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ইসমাইল (৩২), মো. ইকবাল (২৭) ও মো. মাহফুজ মিয়া (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, একই দিন ভোর ৫টা ১৫ মিনিটে এসআই মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে বায়েক ইউনিয়নের বায়েক চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জামাল মিয়া (৪২) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুটি ঘটনায় উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩২ কেজি। গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/আইএম



