সুনামগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনকে গণধোলাই দিয়েছেন স্থানীয় লোকজন।
রোববার (২৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ সাইফুল হককে আটক করে।
আটককৃত যুবকের নাম সাইফুল হক (২৫), তিনি সুনামগঞ্জ শহরের নতুনহাছন নগরে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, অভিযুক্ত সাইফুল হক বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। রবিবার দুপুরে প্রতিবেশী ওই শিশু শিক্ষার্থীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সাইফুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গ্রামের লোকজন তাকে ধরে গণধোলাই দেয় ও বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ সাইফুল হককে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে ধর্ষণের শিকার ওই শিশুটিকে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রতিবেশি এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে সাইফুল হককে গ্রামের লোকজন আটকে রেখে মারধর করে ও পুলিশকে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় আনা হয়। আহত শিশুটিকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেছেন। আটককৃত সাইফুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/টিআর




