সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চাঞ্চল্যকর সেলিম মিয়া হত্যা মামলার ৮ আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে র্যাব-৯ (সুনামগঞ্জ) ও র্যাব-১৩ (নীলফামারী) এর একটি যৌথ টিম পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িকান্দি গ্রামের কাজল মিয়া (৪০), ফুল মিয়া (৩০), দুলাল মিয়া (৩৮), হিরন মিয়া (৪৪), রাজিক মিয়া (৩৯), আতিক মিয়া (৩৪), আশিক মিয়া (৩৭) ও রাজু মিয়া (২৪)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জগন্নাথপুর থানার উত্তর গড়গড়িয়া গ্রামের সেলিম মিয়া হত্যা মামলার পলাতক আসামিদের পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ১০ জুলাই জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িয়া গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে পূর্ব বিরোধের জের হামলা ও সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া নিহত হন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আরটিভি/আইএম



