কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেলে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়দের দেওয়া তথ্যে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেড়িবাঁধের ব্লকের মধ্যে এক ব্যক্তির কাপড়বিহীন মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ফাঁড়ি পুলিশকে জানানো হলে, স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে




