ঢাকার ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান (৬৫) উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কালামপুরগামী একটি ইটবোঝাই ট্রাক মধুডাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিশু সড়কে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে ট্রাকচালক দ্রুত ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে।
এ সময় নিয়ন্ত্রণহীন ট্রাকটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহী বজলুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
আহত হন ট্রাকচালকসহ তিনজন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থল ও নিহতের বাড়ি কাছাকাছি হওয়ায় তার স্বজনরা মরদেহ আগেই বাড়ি নিয়ে গেছেন।
আরটিভি/আইএম




