রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটায় জঙ্গি আস্তানার অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে ফের শুরু হবে এ অভিযান। জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মাসুদুর রহমান ভূঁইয়া।
মাসুদুর রহমান বলেন, ‘ জঙ্গি আস্তানায় পরিচালিত 'অপারেশন সান ডেভিলে' নিহত সবাই আত্মঘাতী হয়েছেন। নিহত ৫ জনের ৪ জন একই পরিবারের। এর মধ্যে সাজ্জাদ ছিল ওই বাড়ির মালিক। স্ত্রী লুৎফুন্নেসা বেলি, ছেলে আলামিন ও মেয়ে কারিমাকে নিয়ে আত্মঘাতী হয়েছে সে। নিহত আরেকজন আশরাফুল। সে বহিরাগত, এখানকার স্থানীয় নয়।’
অভিযানের সময় এক নারী তার দুই সন্তানসহ আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি।
মাসুদ জানান, বুধবার দিবাগত রাত ১টা থেকেই মূলত অপারেশন শুরু করে পুলিশ। ভোর ৪টার দিকে আস্তানা থেকে একটি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এসময় পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি তারা। পরে সকালে অভিযান শুরু করে পুলিশ।
এসজে




