রাজধানীর ডেমরা থেকে আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ডেমরার কোনাপাড়ার আয়েশা মঞ্জিলের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার তাদের হাজির করা ডিএমপির মিডিয়া সেন্টারে।
এসময় ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, গ্রেপ্তারকৃতরা পত্রিকায় ব্যবসায়িক ও পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে আলোচনার নামে ব্যবসায়ীসহ অন্যান্যদের ডেকে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো। তারা মহিলাদের গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে দেশে ও বিদেশে পতিতাবৃত্তির কাজে বাধ্য করতো।
তিনি বলেন, তারা নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। তারা গরীব লোকদের বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ করে। পরে দুই জনকে পাত্রী দেখানোর নামে জিম্মি করে মুক্তিপণ আদায় করার সময় আমরা তাদের গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আঃ হালিম, মোঃ রনি, মোঃ মোবারক হোসেন, মোছাঃ রোজিনা, মোঃ সেলিম ওরফ ঘটক, মঞ্জু, মোঃ রফিক, মোস্তফা ও হান্নান মাতাব্বর। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও দুই জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
আর/জেএইচ




