এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৩:১৫ পিএম


এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
ছবি: সংগৃহীত

দেশে পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াত ব্যবস্থার প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। এর অংশ হিসেবে ‘এটলাস ইভি’ (Atlas EV) ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কাওরান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত বিএসইসি ভবনের নিচতলায় শোরুমটির উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুল আলম। এসময় বিএসইসির পরিচালকবৃন্দ, বিএসইসি ও এবিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ উদ্যোগ সরকারের টেকসই উন্নয়ন ও সবুজ জ্বালানি ব্যবহারের লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই বৈদ্যুতিক যান দেশের দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশাবাদী। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এটলাসের এ ধরনের উদ্যোগকে বিএসইসি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান বলেন, এবিএল দীর্ঘদিন ধরে দেশের যাতায়াত খাতে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে আসছে। ‘এটলাস ইভি’ ব্র্যান্ডের মাধ্যমে আমরা পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক বাইক বাজারে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা।

তিনি আরও জানান, নতুন এই এক্সক্লুসিভ শোরুমের মাধ্যমে গ্রাহকরা সরাসরি বাইক ক্রয়ের পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা পাবেন।

প্রথম পর্যায়ে ‘এটলাস ইভি’ চারটি মডেল বাজারে ছেড়েছে। এগুলো হলো— এস-১০০, এস-৯০, এস-৮০ এবং এস-৭০। মডেলগুলো বাংলাদেশের আবহাওয়া ও সড়ক পরিস্থিতি বিবেচনায় ডিজাইন করা হয়েছে। 

‘এটলাস ইভি’ সিরিজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো— 

•    লিকুইড-কুলিং মোটর: যানজটপূর্ণ পরিস্থিতিতেও মোটরের স্থায়িত্ব ও উচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করে। 
•    গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি: একবার পূর্ণ চার্জে আনুমানিক ১০০–১২০ কিলোমিটার চলার সক্ষমতা; বিদ্যুৎ খরচ প্রায় ১৫ টাকা। 
•    টেকসই নির্মাণ: রেডিয়াল অ্যান্টি-পাংচার টায়ার এবং ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা, যা প্রতিকূল আবহাওয়াতেও নিরাপদ চলাচল নিশ্চিত করে। 

এ উদ্যোগ দেশের ইলেকট্রিক যানবাহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission