চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং ইস্টার্ণ কেবলস্ লিমিটেডের মধ্যে ৪২ লাখ ইউএস ডলারের রপ্তানি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
বিএসইসি’র চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁইয় এনডিসির উপস্থিতিতে ইসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসির প্রতিনিধি মি. জাং ঝিলং ব্লান্ডি চুক্তিতে স্বাক্ষর করেন।
বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁইয়া এনডিসি বলেন, চীনের এই প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে ৫ লাখ ইউএস ডলারের ইস্টার্ণের কেবলস্ নিয়েছিল। এবার তারা আরও ৪২ লাখ ইউএস ডলারের চুক্তি করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। চীন-বাংলাদেশ গভীর বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন-সহযোগী চীন ভবিষ্যতে এ ধরনের রপ্তানিকে আরও বেশি প্রসারিত করবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও তরান্বিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে নয়টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পর থেকে দেশের সেবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বিএসইসি’র পণ্য আন্তর্জাতিক মান সম্মত, বিশ্বমানের। দেশে বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।




