বাংলার ফুটবলের রক্ষণের কাণ্ডারি বলা হয় তাকে। সুদূর ফিনল্যান্ডে জন্ম নিলেও শৈশব থেকেই তার মন প্রাণ পড়ে আছে এই বাংলায়। মা ফিনীয় হলেও বাবা বাংলাদেশি, তাই তো বাংলাদেশ ও বাংলার প্রতি টান থেকেই লাল-সবুজের দেশে ফেরা। ফুটবলার তারেক কাজী ফুটবল দিয়েই বাংলাদেশে ফিরেছেন। এরপর তো জাতীয় দলের রক্ষণ কাণ্ডারির ভূমিকায় তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা, সঙ্গে ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭, ১৮ ও ১৯ জাতীয় দলে জার্সি গায়ে জড়িয়েছেন তারিক কাজী। ফিনল্যান্ডের নিশ্চিত জীবন রেখে ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে থাকা বাংলাদেশে এসেছেন তিনি; শুধু লাল-সবুজের টানে, তার বাবার ইচ্ছায়। এই তারিক কাজী এখন জাতীয় দলের অপরিহার্য ফুটবলার। লাল-সবুজের জার্সি গায়ে তিনি যখন মাঠে নামেন, তখন সবচেয়ে আনন্দিত হন তার বাবা।
তারিক কাজীর ভাষ্য, তারা সবাই গর্বিত বোধ করে, আমাকে নিয়ে আনন্দে মাতে। ফিনল্যান্ডে বাবা-মা সবাই খেলা দেখে। যতটা সম্ভব খেলে যেতে চাই।
সেই ২০২০ সাল থেকে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলছেন। ক্লাবটার নিয়মিত একাদশের ফুটবলার, সঙ্গে জাতীয় দলের রক্ষণের নির্ভরযোগ্য নাম তারিক কাজী। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন তিনি। তবে রিকভারি দ্রুতই হচ্ছে তার। দ্রুতই ফিরবেন জাতীয় দলে।
এই ফুটবলারের মন্তব্য, শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ আছে। আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
বাবার দেখানো পথ আর অনুপ্রেরণায় লাল সবুজের ফুটবলকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান তারিক কাজী।
