বাড়ল স্বর্ণের অলংকারের মজুরি, দামে অস্থিরতার শঙ্কা

আরটিভি নিউজ

বুধবার, ১৫ মে ২০২৪ , ০১:০৩ এএম


স্বর্ণের অলংকারের মজুরি ৬ শতাংশ
ছবি: সংগৃহীত

সোনার অলংকারে ন্যূনতম ৬ শতাংশ মজুরি নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে সোনার অলংকার পরিবর্তনে ১০ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে অলংকার ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম করেছে বাজুস।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বাজুস। এতে বলা হয়, সম্প্রতি জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সোনার অলংকার বিক্রির সময় ক্রেতার কাছ থেকে ৬ শতাংশ হারে মজুরি নিতে পরামর্শ দিয়েছে সমিতি।

এর ফলে এখন কেউ এক লাখ টাকার সোনার অলংকার কিনতে গেলে মজুরি বাবদ ক্রেতাকে ন্যূনতম ৬ হাজার টাকা দিতে হবে। এতদিন ক্রেতা-বিক্রেতার সম্পর্কের ভিত্তিতে দুই হাজার থেকে তিন হাজার টাকা মজুরি বাবদ নেওয়া হতো।

সোনার বাড়তি দামের বাজারে এমনিতেই অলংকার কেনা আগের তুলনায় অর্ধেকে নেমে গেছে, এর মধ্যে মজুরি বাড়ায় বিক্রি আরো কমে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

তবে বাজুসের পক্ষ থেকে জানানো হয়, এতদিন মজুরির বিষয়ে কোনো নিয়মকানুন ছিল না। ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো নির্ধারণ করতো। এখন নিয়মের মধ্যে আনতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।   

এছাড়া এখন সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনে এবং সাধারণ ক্রেতা সোনা বিক্রি করতে গেলে আগের চেয়ে মূল্য হার কম পাবেন। নতুন নিয়মানুযায়ী সোনার অলংকার পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে এতদিন ৯ শতাংশ ও পারচেজে ১৩ শতাংশ বাদের নিয়ম ছিল।

নতুন নিয়মে কোনো গ্রাহক এক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার পরিবর্তন করতে গেলে তাকে ১০ হাজার টাকা বাড়তি দিতে হবে। এতদিন ৯ হাজার টাকা দিতে হতো। একই সঙ্গে কোনো গ্রাহক বা ক্রেতা এক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার বিক্রি করতে যায় সে নগদ পাবে ৮৫ হাজার টাকা। আগে পেত ৮৭ হাজার টাকা।

এর পেছনে সমিতির ব্যাখ্যা হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সোনার অলংকার বিক্রিতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সোনার অলংকার বিক্রিতে ভারতে ১০, শ্রীলঙ্কায় ৮, চীনে ১৫, ইতালিতে ২০, হংকংয়ে ৩০, মালয়েশিয়ায় ৩৫, অস্ট্রেলিয়ায় ২০, যুক্তরাষ্ট্রে ৬ ও যুক্তরাজ্যে ১৪ শতাংশ মজুরি নেওয়া হয়।

বাজুস ২০২২ সালের আগষ্টে প্রতি গ্রামে কমপক্ষে ৩০০ টাকা মজুরি নিতে সদস্যপ্রতিষ্ঠানকে পরামর্শ দেয়। তাতে প্রতি ভরিতে মজুরি দাঁড়ায় ৩ হাজার ৫০০ টাকা। তবে অধিকাংশ জুয়েলারি প্রতিষ্ঠান ক্রেতাদের ধরে রাখতে মজুরিতে ছাড় দিয়ে আসছে।

নাম প্রকাশ না করার শর্তে জুয়েলার্স সমিতির একজন সদস্য বলেন, ধরা যাক, বর্তমানে এক ভরি সোনার দাম ১ লাখ টাকা। তাহলে ৬ হাজার টাকা মজুরি দিতে হবে। আর সোনা ও মজুরির ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। নতুন করে মজুরি পুনর্নির্ধারণের ফলে ব্যবসায়ে নতুন করে অসুস্থ প্রতিযোগিতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

কয়েক মাস ধরেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা চলছে। সর্বশেষ গত রোববার সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৮৩২ টাকা বেড়েছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission