ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাসস

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১১:২০ পিএম


ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত

ব্যবসা শুরু ও পরিচালনা সহজ করতে সরকার নিয়ন্ত্রক সংস্থাসমূহের বিধি-বিধান সংশোধনীর (রেগুলেটরি রিফর্ম) বড় ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তিনি বলেন, ব্যবসার খরচ কমানো এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করা হবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরুতে উদ্যোক্তাদের যাতে দীর্ঘসূত্রতায় পড়তে না হয়, সে জন্য ফায়ার, ডিআইএফই ও চেম্বার সদস্যপদসহ ছয়টি গুরুত্বপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে ১২ মাসের অস্থায়ী অনুমোদন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারবেন। 

আরও পড়ুন

তিনি বলেন, সম্ভাবনাময় যেকোনো খাতের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণে সরকার উন্মুক্ত রয়েছে। পাট খাতের উন্নয়নে বিল্ডের সঙ্গে কাজ করার আগ্রহও দেখান তিনি। এ ক্ষেত্রে সবুজ পাট থেকে জুট পাল্প উৎপাদন একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বিনিয়োগ পরিবেশ সহজ করতে বিডা, বেজা ও বেপজাসহ বিভিন্ন বিনিয়োগ কর্তৃপক্ষকে একীভূত করে এক ছাতার নিচে আনার পরিকল্পনা এগোচ্ছে। একই সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) বেসরকারি খাতের প্রতিনিধিত্বের বিষয়টিও পর্যালোচনা করা হবে।

বিল্ড-এর চেয়ারম্যান আবুল কাসেম খান বলেন, অনানুষ্ঠানিক অর্থনীতি নিয়ন্ত্রণ এবং ব্যবসাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ডিরেগুলেশন সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান ট্রেড লাইসেন্স ব্যবস্থা নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে আছে। তাই ‘ওয়ান লাইসেন্স’ ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন

বিল্ডের ট্রাস্টি এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান বলেন, জাতীয় অর্থনীতিতে পাট খাত এখনো গুরুত্বপূর্ণ হলেও এ খাতের আধুনিকায়ন জরুরি। উৎপাদন দক্ষতা ও মূল্য সংযোজন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

বিল্ড প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, আন্তর্জাতিক বাজারে এখন পণ্যের ট্রেসেবিলিটি নিশ্চিত করা বাধ্যতামূলক হয়ে উঠেছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের ক্ষেত্রে। এ জন্য একটি শক্তিশালী জাতীয় ট্রেসেবিলিটি কৌশল প্রয়োজন।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission