শিশুদের আঁকা চিত্রকর্ম নিয়ে ‘দ্য ফ্রিডম ফান্ড’র প্রদর্শনী 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ০৮:৪২ পিএম


শিশুদের আঁকা চিত্রকর্ম নিয়ে ‘দ্য ফ্রিডম ফান্ড’র প্রদর্শনী 

শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের বিপক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথশিশুদের আঁকা চিত্রকর্ম নিয়ে ‘দ্য ফ্রিডম ফান্ড’ একটি চিত্র প্রদর্শনী করেছে। 

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর ছায়ানট সাংস্কৃতিক ভবনে এই চিত্র প্রদর্শনী হয়েছে। 

এই আয়োজনের চিত্রকর্মগুলো এঁকেছে ঢাকা, রাজবাড়ী এবং ফরিদপুরের নারী যৌনকর্মীদের শিশুরা, বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের ঝুঁকিতে থাকা ৬৫ জন শিশু। তাদের আঁকা এই ছবিগুলোর মাধ্যমে উঠে এসেছে, তারা কিভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের দ্বারা অবহেলার স্বীকার হচ্ছে। 

আয়োজকরা জানান, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই চিত্র প্রদর্শনীর আয়োজন। এছাড়া শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনও ছিল একটি বড় বিষয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের (ডিএসএস) অতিরিক্ত পরিচালক এমএম মাহামুদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিসিসি) সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী।

আয়োজন সহকারী হিসেবে ছিল ইনসিডিন বাংলাদেশ, শাপলা মহিলা সংস্থা এবং কর্মজীবি কল্যাণ সংস্থা যারা দীর্ঘদিন ধরে নারী যৌন কর্মীদের শিশুরা, বানিজ্যিক যৌন শোষণ ও পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের নিয়ে কাজ করে আসছে। আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ট্রাশ বক্স লিমিটেড এবং ভলান্টিয়ার অপারচুনেটিজ। 

উল্লেখ্য, দ্যা ফ্রিডম ফান্ড শিশুদের প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুপাচার রোধ, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বন্ধ, শিশুদের সরকারি- বেসরকারি সেবাপ্রাপ্তি সুনিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission