আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই মধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও তাদের ব্যালট নম্বর প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়। এবার প্রচারণায় প্রার্থীরা নিজেদের নামের পাশে ব্যালট নম্বরও উল্লেখ করতে পারবেন।
প্রার্থীদের প্রচারণায় কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে হবে। ছাত্রী প্রার্থীরা হলে প্রচার চালাতে পারবেন পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অনাবাসিক বা অন্য হলের প্রার্থীরা কোনো হলে প্রচারণা করতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধুমাত্র প্রশাসনের নির্ধারিত অডিটরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। এছাড়া প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে।
প্রচারে শুধু সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এগুলোতে প্রার্থীর নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুর গায়ে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চালাবে নির্বাচন কমিশন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ১২ জন।
এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন প্রার্থী।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। এবার মোট ২১৭ জন প্রার্থী সদস্য পদে লড়বেন। সব মিলিয়ে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৪৭১ জন প্রার্থী।
আসন্ন ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে ৬২ জন নারী।

আরটিভি/টিআই




