বাংলাদেশে শাখা ক্যাম্পাস করতে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১১:৫৬ এএম


বাংলাদেশে শাখা ক্যাম্পাস করতে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

ঢাকায় শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যানবেরা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়। ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জলসিঁড়ি হাউজিং প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইউজিসি ভবনে এই বৈঠকে অংশ নেয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ইউনিভার্সিটি অব ক্যানবেরার ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট অধ্যাপক বিল শর্টেন, ডেপুটি ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক মাইকেল লিংকন, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার ড. ফিওনা রিচার্ডসসহ বিভিন্ন শিক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ইউনিভার্সিটি অব ক্যানবেরার ভাইস চ্যান্সেলর অধ্যাপক বিল শর্টেন বলেন, বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপিত হলে শিক্ষার্থীরা সরাসরি আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পাবেন। যা দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। তিনি ক্যাম্পাসে সর্বোচ্চ মানের একাডেমিক ও প্রশাসনিক মান বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

মেজর জেনারেল মো. হাসান উজ জামান বলেন, এ উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন

বৈঠকে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাসুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আয়ুব ইসলামসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি করার পাশাপাশি বাংলাদেশের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করবে।

সূত্র: বাসস


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission