বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে আবেদন শুরু হয়েছে। পাকিস্তান সরকারের অর্থায়নে এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষায় নতুন সুযোগ তৈরি হচ্ছে।
সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি পর্যায়ে পাকিস্তানের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির সুবিধা
এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, আবাসন সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে। এছাড়া পাকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নির্বাচিত ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা পূরণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কোর্স, যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
উচ্চশিক্ষা কমিশন বাংলাদেশ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি ব্যাপকভাবে প্রচারেরও আহ্বান জানানো হয়েছে।
আরটিভি/জেএমএ



