বিশ্বের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭ সালের ‘হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম’–এর আবেদন আহ্বান করেছে। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপে বিশ্বের যেকোনো দেশের উদীয়মান গবেষকেরা আবেদন করতে পারবেন।
নির্বাচিত গবেষকেরা আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশের পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ ও মতবিনিময়ের সুযোগ পাবেন।
নির্বাচিত ফেলোরা প্রতিবছর ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৯৮ লাখ ৪৪ হাজার টাকা। এ ছাড়া গবেষণা পরিচালনা ও ভ্রমণ ব্যয়ের জন্য বছরে অতিরিক্ত ৬ হাজার মার্কিন ডলার (প্রায় ৭ লাখ ৩২ হাজার টাকা) অনুদান দেওয়া হবে।
এই ফেলোশিপের আওতায় স্বাস্থ্যবিমা, আধুনিক গবেষণা সুবিধা এবং হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার পূর্ণ সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে। বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস এবং বিভিন্ন সংস্কৃতি বিষয়ে পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ২০২৬ সালের ৩১ জুলাইয়ের পর সম্পন্ন হতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ডিসেম্বর মাসে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের যাতায়াত ও আবাসন ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি কর্তৃপক্ষ।
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আবেদনের সময় আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল এবং তিনটি সুপারিশপত্র (রেকমেন্ডেশন লেটার) জমা দিতে হবে।
আবেদন কীভাবে করবেন
আগ্রহী প্রার্থীরা হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি দেখে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬।
আরটিভি/এআর




