জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। আগামী ৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়জুড়ে এসব কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত ‘বিজয় র্যালি’ অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা ৫৫ মিনিটে একাডেমিক ভবনের সামনে কেক কাটা হবে। এরপর সকাল ১০টায় টিএসসি ভবনের তৃতীয় তলায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সকাল ১০টা ৩০ মিনিটে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘জুলাই ২০২৪: গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের শিশু-কিশোরদের অংশগ্রহণে পৃথক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আরটিভি/জেএমএ



