বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু মৃত্যুবরণ করেছেন। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা— এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মার্চ) সকালে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় তাদের ভাড়া বাসায় সকাল ৯টা ২১ মিনিট থেকে ৯টা ৩৪ মিনিটের মধ্যে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী ডা. মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।
পুলিশ জানায়, রিজু মানসিকভাবে হতাশায় (ডিপ্রেশন) ভুগছিলেন। বাসার মালিকের স্ত্রীর সঙ্গে আলাপচারিতায় তিনি প্রায়ই বলতেন, তার কিছুই ভালো লাগে না। ঘটনার দিন সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ২১ মিনিটে তিনি নিজেই সিঁড়ি বেয়ে ছাদে ওঠেন। পরে সকাল ৯টা ৩৪ মিনিটে পাশের বাসা থেকে চিৎকারের শব্দ শুনে তার শাশুড়ি নিচে দৌড়ে গিয়ে দেখেন, তিনি পড়ে আছেন।
এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা— তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
আরটিভি/এমএইচজে





