নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব: ঐক্যে মোরা, সত্যের পথে

আবু তাহের

রোববার, ১০ মে ২০২৬ , ০৭:৪৫ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব: ঐক্যে মোরা, সত্যের পথে
ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সময়েই একজন শিক্ষার্থী নিজের আগ্রহ, দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের পথ খুঁজে নেয়। কেউ সংস্কৃতিচর্চায়, কেউ গবেষণায়, আবার কেউ নেতৃত্বগুণে নিজেকে গড়ে তোলে। আর যারা সত্য অনুসন্ধান ও সমাজের কথা বলার স্বপ্ন দেখে, তাদের লালিত সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম পথ হতে পারে গণমাধ্যমে কাজ করা। 

আর সেই পথচলার প্রথম সিঁড়ি হয়ে উঠতে পারে ক্যাম্পাস সাংবাদিকতা। এই স্বপ্ন চর্চা এবং অনুসন্ধানী মনোভাব নিয়েই কাজ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

২০১৯ সালের ৯ মে যাত্রা শুরু করা এই সংগঠনটি বর্তমানে ক্যাম্পাস সাংবাদিকতায় একটি শক্ত অবস্থান তৈরি করেছে। 'ঐক্যে মোরা, সত্যের পথে' এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তরুণদের হাতে তুলে দিয়েছে বাস্তব সাংবাদিকতার অভিজ্ঞতা।

এখানে একজন শিক্ষার্থী শুধু সংবাদ লেখা শেখে না; শেখে কীভাবে একটি ঘটনার গভীরে যেতে হয়, কীভাবে তথ্য যাচাই করতে হয় এবং কীভাবে মানুষের না-বলা কথাগুলো তুলে ধরতে হয়। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তারা অর্জন করছে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা।

আরও পড়ুন

এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকতার নানা বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রেসক্লাব নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা, ভার্চুয়াল ওয়েবিনারসহ বিভিন্ন আয়োজন করে থাকে।

প্রেসক্লাবের সবচেয়ে বড় শক্তি হলো এটি স্বপ্নকে বাস্তবতার সঙ্গে যুক্ত করতে পেরেছে। এই সংগঠন থেকে উঠে আসা অনেক সদস্য এখন জাতীয় পর্যায়ের গণমাধ্যমে কাজ করছেন। 

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার আবদুল্লাহ তুহিন বর্তমানে বাংলা নিউজ ২৪-এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিহার সরকার অংকুর ঢাকা স্ট্রিমে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়া সাবেক সহ-সভাপতি ফজলুল হক পাভেল জাতীয় দৈনিক সমকালে সহসম্পাদক হিসেবে যুক্ত আছেন এবং সাবেক সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান আরটিভিতে সহসম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। 

সংগঠনটির সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান নাগরিক প্রতিদিনে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। ফলে বর্তমান সদস্যদের কাছেও এটি শুধু একটি সংগঠন নয়, বরং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার একটি নির্ভরযোগ্য জায়গা।

আরও পড়ুন

ক্যাম্পাসের নানা সমস্যা, শিক্ষার্থীদের দাবি, সামাজিক অসঙ্গতি ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়মিত সংবাদে তুলে ধরছে প্রেসক্লাবের সদস্যরা। একইসঙ্গে তারা ভিডিও রিপোর্ট, ফিচার, অনুসন্ধানী প্রতিবেদন ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির মতো আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিকেও নিজেদের দক্ষ করে তুলছে।

সংগঠনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সহশিক্ষামূলক চর্চা। সাংবাদিকতার মাধ্যমে সদস্যরা দলগতভাবে কাজ করা, সময় ব্যবস্থাপনা, উপস্থাপনা দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করছে, যা ভবিষ্যতের যেকোনো পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে এই পথচলায় চ্যালেঞ্জও কম নয়। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে সংবাদ সংগ্রহের ঝুঁকি ও বাস্তবতা সবকিছু সামলে এগিয়ে যেতে হয় তরুণ সাংবাদিকদের। তবুও সত্য ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

সাংবাদিকতার এই যাত্রায় সংগঠনটি প্রমাণ করছে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তরুণরাই পারে ভবিষ্যতের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করে তুলতে।

লেখক: সদস্য, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission