সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে সংগঠনটির ১০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির ক্যাম্পাস গার্ডিয়ান ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক মো. ফয়সাল হোসেন, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মোল্লা এবং ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্য।
জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে তাল, আম, কাঁঠাল, আমড়া, নিম, ডায়োফল ও কাঠবাদাম গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ৫০ জন ‘মোরাল চাইল্ড’সহ মোট ১০০ জনের মধ্যে এসব চারা বিতরণ করা হয়েছে।
প্ল্যাটফর্মটির ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, মোরাল প্যারেন্টিং পরিবারের ১০ বছর পূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম হিসেবে আজ আমরা বৃক্ষরোপণের আয়োজন করেছি। বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কমাতে। মোরাল প্যারেন্টিং একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং আত্মউন্নয়নমূলক বিভিন্ন কোর্স পরিচালনার মাধ্যমে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য একটি নৈতিক সমাজ গঠন করা।
সংগঠনটির ক্যাম্পাস গার্ডিয়ান প্রদীপ কুমার অধিকারী বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। শুধু বৃত্তিই নয়, এর পাশাপাশি সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, গবেষণা-পদ্ধতি (রিসার্চ মেথডোলজি)সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত নানা ধরনের কর্মসূচি পরিচালনা করে। আজ সংগঠনটির দশম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। বৃক্ষ মানুষের পরম বন্ধু।
আরটিভি/টিআর




