সিলেটে জঙ্গি আস্তানার পাশে গ্রেনেড বিস্ফোরণ, আহত ৭

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৫ মার্চ ২০১৭ , ০৭:৪৬ পিএম


সিলেটে জঙ্গি আস্তানার পাশে গ্রেনেড বিস্ফোরণ, আহত ৭

সিলেটের শিববাড়ীতে জঙ্গি আস্তানার পাশে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন ৭ জন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এর আগে শনিবার সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, সিলেট মহানগরের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে জঙ্গিদের সঠিক সংখ্যা জানা নেই। সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ‘টোয়াইলাইট’ চলছে। এরই মধ্যে ভবনের ভেতরে জিম্মি থাকা ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু।

ফখরুল জানান, অভিযানের সময় ১০-১২ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৫ তলা বিশিষ্ট আতিয়া ভবনে ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ রয়েছে। এসব কক্ষ, সিঁড়িঘর ও আনাচে কানাচে বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে। জঙ্গিরা বিস্ফোরক দিয়ে কমান্ডোদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এজন্য অপারেশনটি অনেক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে। এ কারণে সময় লাগছে।

শনিবার সকাল সাড়ে আটটায় মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে ওই ভবনে অভিযান শুরু হয়।

বৃহস্পতিবার জঙ্গি সন্দেহে আতিয়া মহল ঘেরাও করার পর থেকে ফ্ল্যাটের বাসিন্দারা আটকা পড়েন।

পুলিশের ধারণা, ভেতরে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ নেতা মাইনুল ওরফে মুসা রয়েছেন। ওই আস্তানায় অন্তত একজন নারী ও একজন পুরুষ জঙ্গি রয়েছেন।

এ অভিযানে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের সহযোগিতা করছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট, র‌্যাব, পিবিআই ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বৃহস্পতিবার রাত থেকেই সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান শুরু করে পুলিশ। মাইকে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে পুলিশ। তবে জঙ্গিরা তাতে কোনো সাড়া দেয়নি।

এরপর জঙ্গি দমনের জন্য ঢাকা থেকে শুক্রবার সিলেটে হাজির হয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম। আর শনিবার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission