একজন আসাদের গল্প

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ , ০৬:০০ পিএম


রাইসুল ইসলাম আসাদ,
রাইসুল ইসলাম আসাদ।

সাংস্কৃতিক অঙ্গনে কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক পাচ্ছেন দেশবরেণ্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন এই গুণী অভিনেতা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আসাদ ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭২ সালে আসাদ প্রথম ‘আমি রাজা হব না’ এবং ‘সর্পবিষয়ক’ নামের দুইটি মঞ্চ নাটকে অভিনয় করেন। ১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। গুণী এই অভিনেতা একাধারে বেতার, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি চার বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এবার তার প্রাপ্তিতে যুক্ত হলো নতুন পালক।

এ প্রসঙ্গে আসাদ বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় পুরস্কার পাচ্ছি, এটা তো বড় পাওয়া। দেশ স্বাধীন হয়েছিল বলেই অভিনেতা হতে পেরেছি। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এবার একুশে পদকে সম্মাননা দেওয়া হচ্ছে। আমার কাছে এ পুরস্কারের ব্যাপ্তি অনেক বিশাল।’

মহামারি করোনাকালে কাজ থেকে কিছুটা দূরে থাকলেও আবারও কাজে ফিরেছেন আসাদ। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র কাজ শুরু করেছেন। ছবিতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে পর্দায় হাজির হবেন আসাদ। এরই মধ্যে মুম্বাইয়ে ছবিটির একদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। খুব শীঘ্রই আবারো মুম্বাইয়ে উড়াল দেবেন এই অভিনেতা।

বর্তমানে বছরের প্রায় অর্ধেক সময়ই আমেরিকায় থাকতে হয় কিংবদন্তি অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে। কারণ সেখানে তার স্ত্রী তাহিরা দিল আফরোজ ও একমাত্র মেয়ে ডা: রুবায়না জামান থাকেন। তাই স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাতে প্রায় সময়ই রাইসুল ইসলাম আসাদকে আমেরিকায় যেতে হয়।

প্রসঙ্গত, রাইসুল ইসলাম আসাদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কালের পুতুল’। মুক্তির অপেক্ষায় রয়েছে দীপংকর দীপন পরিচালিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। চলচ্চিত্রে অভিষেকের পর ১৯৮০ সালে সালাহ উদ্দীন জাকীর ‘ঘুড্ডি’, ১৯৮১ সালে সৈয়দ হাসান ইমামের ‘লাল-সবুজের পালা’, ১৯৮৪ সালে কাজল আরেফিনের ‘সুরুজ মিঞা’ সহ ‘মানে না মানা’, ‘নয়নের আলো’ ‘নতুন বউ’, ‘রাজবাড়ি’, ‘মীমাংসা’, ‘আয়না বিবির পালা’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘লালন’, ‘লালসালু’, ‘ঘানি’, ‘মৃত্তিকা মায়া’সহ ৫০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন এ দেশের সিনেমাপ্রেমী দর্শককে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission