কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী বিন্দু?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ , ১১:১৭ এএম


কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী বিন্দু?
আফসানা আরা বিন্দু

একসময়কার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আফসানা আরা বিন্দু। ২০১৪ সালে বিয়ের পরপরই বিজ্ঞাপন, অভিনয়সহ মিডিয়ার সব মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এখন আর মিডিয়ার কোনো আড্ডাতেও দেখা যায় না এই তারকাকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই তেমন বিচরণ। শুক্রবার ১৪ জানুয়ারি এই তারকার জন্মদিন ছিল। জন্মদিনের দিন নিজের নানান বিষয় তুলে ধরেন গণমাধ্যমের কাছে।

জন্মদিনের বিশেষ এই দিনটিতে তিনি বাসায় ছিলেন। অন্যান্য দিনের মতোই সময় কেটেছে তার। ধুমধাম বা উৎসব করে জন্মদিন পালন করেন না তিনি। এ দিনটিতে শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব শুভেচ্ছা জানান, উত্তর দেন। সন্ধ্যার পর কাছের কিছু বান্ধবীকে নিয়ে হয়তো কোথাও একটু ঘুরতে যান। ব্যস এতটুকুই। তবে এবারের জন্মদিনে এমন ধরনের সিদ্ধান্ত নেননি তিনি। মিডিয়ায় হাসিন রওশন তার ভালো বন্ধু। বিন্দুর জন্মদিনে সারপ্রাইজ দিতে নাকি যুক্তরাষ্ট্র থেকে দেশে চলে এসেছেন।

মিডিয়ার কোনো অনুষ্ঠান কিংবা আড্ডায় দেখা যায় না আপনাকে, কোনো অভিমান থেকে কি এমনটা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মিডিয়ার সব ধরনের অনুষ্ঠানে আমার যাওয়া হয় না। তবে আমি যে আড্ডা দিই না, ঠিক তা নয়। আমার মিডিয়ার বান্ধবীরা মিলে প্রায়ই কিন্তু আড্ডা দিই। অনেক সময় দল বেঁধে ঘুরতে যাই, খেতে যাই; কিন্তু সেই আড্ডার ছবি সাধারণত আমার ফেসবুক পেজে দিই না আমি। এ জন্য অনেকে মনে করেন, মিডিয়ার মানুষের সঙ্গে আমি মিশি না। মিডিয়ার বাইরেও তো আমার একটা ব্যক্তিগত জীবন আছে। এ কারণেই আমাদের আড্ডাগুলো সামনে আনতে চাই না। আমার কোনো অভিমান নেই। একটা দীর্ঘ সময় মিডিয়াতে কাজ করেছি, সেই জায়গার জন্য অভিমান হবে কেন? এত বছরের কর্মক্ষেত্রের অনেক মানুষের সঙ্গেই আমার ভালো সম্পর্ক। অনেকের সঙ্গে প্রায়ই ফোনে যোগাযোগ হয়। কখনো কখনো দেখাও হয়।

অভিনয়ে ফেরার ইচ্ছা আছে? এমন প্রশ্নে বিন্দু বলেন, ‘ফেরার ইচ্ছা আছে। কাজের কথাবার্তা চলছে। শিগগিরই ফেরা হতে পারে। অপেক্ষা করেন না একটু! সাত-আট বছর পর কাজে ফিরব, নিশ্চয় ভালো কিছু দিয়েই ফিরব। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো কারণে ব্যাটেবলে না মেলে, তাহলে আর ফেরা না-ও হতে পারে। এ জন্য অবশ্য আমার কোনো আফসোসও থাকবে না। নাহয় মিডিয়াতে কাজ আর নাই করলাম। দুই বছর হলো ব্যবসার সঙ্গে জড়িয়েছি। বনানীতে একটি ফ্যাশন হাউস দিয়েছি আমি। নিজেই ডিজাইন করি। সারা দিন হাউসেই সময় দিই। আপাতত হাউসটি ভালোই চলছে। সবার দোয়ায় এই অঙ্গনে নিজের একটু নামডাক।

কেইউ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission