নব্বইয়ের দশকে বিভিন্ন ব্যান্ডের গানে তারুণ্য ভেসেছিল অন্যরকম জোয়ারে। দেশের শীর্ষ ব্যান্ডগুলোর গানে অডিও ইন্ডাস্ট্রির চাকাও হয়েছিল সচল। তারপরই দেশীয় সংগীতে আবির্ভাব ঘটে বেশ কজন নারী পপ তারকার। ভিন্নধর্মী গায়কি ও পারফরম্যান্সের কারণে তাদের গানও শ্রোতারা সাদরে গ্রহণ করেছিল।
অডিওর পাশাপাশি ভিডিওতে এসব নারী পপ তারকার গ্ল্যামারাস উপস্থাপনা তাক লাগিয়েছিল সেই সময়ে। ধারাবাহিকভাবে বেশ কিছু জনপ্রিয় গানও উপহার দিয়েছিলেন তারা।
এবার পপ গায়িকা তিশমার ১৮তম নতুন একক অ্যালবাম প্রকাশ পেল। যার ভক্তদের জন্য চমকের খবর। ‘এক্সএক্স’ শিরোনামে অ্যালবামটি পাওয়া যাচ্ছে গায়িকার নিজস্ব ওয়েবসাইটে এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে।
অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। সবগুলো গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজেই। উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘এক্সএক্স’, ‘অনলি লাভ উইল উইন দিস ওয়ার’, ‘মেক ইউর চয়েস’, ‘অলওয়েজ ইন উইর হার্ট’, ‘মাই জেনারেশন’, ‘নো টাইম ফর গুডবায়’ ও ‘আই গট মি’। সঙ্গে থাকবে সারপ্রাইজ বোনাস ট্র্যাকও।
এ প্রসঙ্গে তিশমা বলেন, ‘অনলি লাভ উইল উইন দিস ওয়ার’ গানটি মূলত জলবায়ু পরিবর্তনের বিষয়কে উপজীব্য করে বানানো হয়েছে। আমি শৈশব থেকেই পরিবেশগত কারণের সঙ্গে জড়িত এবং বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
এ ছাড়া তিনি আরও বলেন, ‘তাই আমি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নিয়ে এই গানটি লিখেছি।’
প্রসঙ্গত, এখন পর্যন্ত তিশমার মোট ১১ টি একক সঙ্গীত অ্যালবাম প্রকাশ পায়। যার প্রত্যেকটি তালিকার শীর্ষে এবং যা বিক্রির রেকর্ড ভাঙে।




