গল্পের নায়িকা বিলকিস ডিজে সাজে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে থাকে। দারোয়ান জসিম বিলকিসকে চিনতে না পেরে আটকায়। বিলকিস জানায় সে অনিকের ফ্রেন্ড। বাড়ির মালিক জাকিরের একমাত্র ছেলে অনিকের ফ্রেন্ড শুনে জসিম বিলকিসকে স্যালুট দিয়ে ভিতরে যেতে বলে। বিলকিস ভিতরে চলে যায়। জসিম মনে মনে ভাবে, আহা! মেয়েটা কি সুন্দর! একেবারে বিউটিফুল। পরে দেখা যায় ডিজে বিউটি আসলে তাদের বাড়ির কাজের মেয়ে বিলকিস ডিজে সাজে দেখে প্রথমে বিলকিসকে চিনতে পারে নাই।
বাড়ির মালিক জাকির, তার স্ত্রী আয়েশা ও ছেলে অনিককে নিয়ে ডিজে পার্টিতে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে। ডিজে পার্টিতে জাকির নিজেই গাড়ি ড্রাইভ করে যাবে বলে ড্রাইভার মিজানকে বাসায় থাকতে বলে। এতে মনে মনে মিজান খুশি হয় বিলকিসের সঙ্গে নিরিবিলিতে কোয়ালিটি টাইম পার করতে পারবে বলে। জাকিররা গাড়ি নিয়ে বের হলে জসিম বাড়ির গেট লাগিয়ে দৌড়ে বাড়ির ভিতরে সদর দরজার সামনে এসে কলিংবেল চাপে।

এদিকে ড্রাইভার মিজানও মাঞ্জা মেরে যেখানে এসে দাঁড়ায়। মিজান ও জসিম একে অপরকে দেখে বিরক্ত হয়। দরজা খুলতেই মিজান-জসিম দেখে বিলকিস ডিজে পোশাকে দাঁড়িয়ে আছে। এত তাড়াতাড়ি বিলকিস ড্রেস চেঞ্জ করায় মিজান-জসিম অবাক হয়। বিলকিস মিজান-জসিমকে হাত ধরে টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়।
এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ নাটকটির নাম ‘ডিজে বুয়ার বয়ফ্রেন্ডরা’। রচনা ও পরিচালনা জুলফিকার ইসলাম শিশির। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক, সালহা খানম নাদিয়া প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটকটি।




