ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫১ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরী। নতুন বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ শেষ করলেও সেগুলো এখনো আলোর মুখ দেখেনি। সম্প্রতি এই নায়ক ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে অংশ নিয়েছেন। সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন তিনি নিজেই। সেখানে দেখা যাচ্ছে, আলোচনা করছেন একজন আলেম। এ নায়ক তার পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন।

বিজ্ঞাপন

ভিডিওর ক্যাপশনে বাপ্পি লিখেছেন, সত্যের পথে, ন্যায়ের পথে এবং সকল ধর্মের মানুষের মধ্যে আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ থাকাই খাঁটি মানুষের পরিচয়। আমি একজন মানুষ হিসেবে দেশের সকল ধর্ম ও ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি প্রতিটি মানুষেরই নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত। অসাম্প্রদায়িক চেতনা নিয়েই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

বিজ্ঞাপন

অন্য ধর্মের হয়েও একটি ইসলামিক আয়োজনে নায়কের এমন অংশগ্রহণে নেটিজেনদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বাপ্পির প্রশংসা করেছেন। অনেকে আবার তার সমালোচনায় মেতেছেন। অনেকেই বলছেন ধর্ম পরিবর্তন করেছেন এই নায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এত প্রশ্ন দেখা যাচ্ছে তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন বাপ্পী চৌধুরী। তিনি জানান, পরিচিত এক ভাইয়ের আমন্ত্রণে মুন্সীগঞ্জ জেলায় একটি কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া শেষে ইসলামিক আলোচনা ও কোরআন তেলওয়াত শুনেছেন।

বাপ্পী বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তাই বলে অন্য ধর্মের প্রতি সম্মান নেই, বিশ্বাস নেই এমন কিন্তু নয়। সকল ধর্মের প্রতিই আমার বিশ্বাস রয়েছে।

বিজ্ঞাপন

এই নায়ক বলেন, ইসলাম ধর্মের বিভিন্ন দিক আমার বেশ পছন্দের। বিশেষ করে, শিশু-কিশোরদের কোরআন তেলওয়াত। হাজারও শিশু এই কোরআন মুখস্থ করে, তেলাওয়াত করে। যা আমাকে বেশ মুগ্ধ করে।

বিজ্ঞাপন

বাপ্পী যোগ করেন, ইসলামিক কোনো আয়োজনে অংশগ্রহণ করায় বিষয়টি নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। ইসলাম ধর্মের প্রতি সম্মান আছে, তাই বলে নিজ ধর্ম পরিবর্তন করব- এমন কোনো ভাবনা নেই। আমার কাছে মানবধর্ম বড় ধর্ম।

প্রসঙ্গত, বাপ্পী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’। অনেক আগেই সিনেমাগুলোর কাজ শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission