ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড পেল সিসিমপুর 

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৫:৩১ পিএম


ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড পেল সিসিমপুর 
ছবি : সংগৃহীত

বাংলাদেশের শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় শিশুতোষ সিরিজ ‘সিসিমপুর’। কিডস্ক্রিন ও অ্যান্থেমের পর এবার সিরিজটি জিতল বিশ্বজুড়ে সমাদৃত ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড। মূলত নতুন চরিত্র জুলিয়ার অন্তর্ভুক্তি এবং পর্বগুলোতে ইশারা ভাষা যুক্ত করে বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তির বার্তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখায় সিসিমপুরকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। 

এবারের ৪৫তম টেলি অ্যাওয়ার্ডে বাংলাদেশের সিসিমপুর ছাড়াও দ্য নিউজ উইক, লিংকডইন, আল জাজিরা, ডিজনি, পেপসি ফাউন্ডেশন, এনবিসি টেলিভিশন, ন্যাশনাল জিওগ্রাফিক, স্কাই নিউজ, নাসা টেলিভিশন, ক্লিনটন ফাউন্ডেশন, ওয়ালমার্ট ও ওয়ার্নার ব্রাদার্স পুরস্কার পেয়েছে। 

২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসেমি স্ট্রিট-এর বাংলাদেশি সংস্করণ ‘সিসিমপুর’। শুরু থেকেই ‘ইউএসএআইডি বাংলাদেশ’র আর্থিক সহায়তায় নির্মিত হয়ে আসছে জনপ্রিয় এ শিশুতোষ সিরিজ।

টেলি অ্যাওয়ার্ড জয়লাভের খবরে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, আসলেই এটি ভীষণ আনন্দের সংবাদ। টেলি অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। এটি অত্যন্ত গর্বের বিষয় যা আমাদের ভবিষ্যতের কাজকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

প্রসঙ্গত, ভিজ্যুয়াল মাধ্যমে অর্থপূর্ণ কাজ করে সমাজ ও বিশ্বে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য ১৯৭৯ সাল থেকে টেলি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এ বছরের পুরস্কারের জন্য সারাবিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে প্রায় ১৩ হাজার অনুষ্ঠান জমা পড়ে। যার মধ্যে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিসিমপুর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission