আরিফ ও জারিফ দুই বন্ধু। ওরা ছোট বেলা থেকে এক সঙ্গে বড় হয়েছে। স্কুল, কলেজ এবং ভার্সিটিতেও এক সঙ্গে ছিলো। ঘোরাঘুরি ওদের শখ। প্রায়ই বিভিন্ন দেশে যায় ঘুরতে। এবার ওরা যাবে ইন্দোনেশিয়ার বালিতে। সব ঠিকঠাক, পৌঁছেও গেল বালিতে। কম খরচের মধ্যে একটা রিসোর্টে উঠল। রিসোর্টে উঠে হঠাৎ একটা মেয়ের সঙ্গে দেখা হয় আরিফ ও জারিফের। দুজনাই মেয়েটিকে পছন্দ করে। কেউ কাউকে বলতে চায়না। সে কথা সব সময় লুকিয়ে রখে মনের মধ্যে। সুযোগ পেলে একজন আরেকজনকে রেখে মেয়েটির সাথে দেখা করতে যায়, নিজের মনের কথা বলতে চায়। এভাবেই চলতে থাকে দুই বন্ধুর খুনসুটি।
এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘নীল কাব্য’। এটি নির্মাণ করেছেন প্রয়াত নির্মাতা সাখাওয়াত মানিক। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ।

নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, মানিক ভাই আর আমাদের মাঝে বেঁচে নেই, আজ তার নির্মিত নাটক ‘নীল কাব্য’ প্রচারিত হবে। সবাই নাটকটি দেখবেন, আশাকরি কেউ নিরাশ হবেন না।
ঈদের চতুর্থ দিন (২০ জুন) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এটি আরটিভিতে প্রচারিত হবে। একইসঙ্গে সাখাওয়াত মানিক পরিচালিত শেষ নাটকটি ইউটিউবে দেখতে চোখ রাখুন Rtv Drama ইউটিউব চ্যানেলে।
