জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান সম্প্রতি তার জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’-এ অভিনয় করতে গিয়ে এক মজার ঘটনার মুখোমুখি হয়েছেন। ওটিটি ওয়েব সিরিজ ‘নয়া নোট’-এর শুটিংয়ের সময় ফার্মগেট এলাকায় ভিক্ষুকের গেটআপে ভিড়ের মধ্যে ঘোরার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে।
সাক্ষাৎকারে নাসির উদ্দিন খান জানান, শুটিংয়ের সময় কিছু দর্শক সত্যিকারের ভিক্ষুক ভেবে তাকে ৫০০ টাকা দিয়েছিলেন। তিনি বলেন, প্রথম দৃশ্যে একবার ঘুরে দেখি অনেকগুলো টাকা জমেছে। পরে প্রোডাকশন টিমকে গুনতে দিতে দেখি পাঁচশত টাকা!
তিনি আরও উল্লেখ করেন, মানুষের কাছে হাত পেতে কিছুটা অসম্মানের অনুভূতি জড়িত থাকলেও বেশির ভাগ মানুষ সাহায্য করতে আগ্রহী ছিলেন।
ওয়েব সিরিজ ‘নয়া নোট’, পরিচালনা করেছেন অনন্য প্রতীক চৌধুরী। শুটিংয়ের সময় ভিক্ষা হিসেবে প্রাপ্ত টাকা স্মৃতির জন্য রাখা হয়েছে। সিরিজটি আইস্ক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এতে নাসির উদ্দিন খানের পাশাপাশি অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, নওবা তাহিয়া প্রমুখ।
আরটিভি/এসকে




