মহান বিজয় দিবসকে কেন্দ্র করে স্টাইলিশ পরিচালক অনিক বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তার নতুন সিনেমা ‘মার্বেল’। বিশেষ এই দিনে সিনেমার ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা দেখা দিয়েছে।
নিজের নতুন প্রকল্পের বিষয়ে অনিক বিশ্বাস বলেন, ‘মার্বেল’ শুধু বিনোদনের জন্য নয়, এটি মানবিক অনুভূতি ও বাস্তবতার প্রতিফলন দেখাবে। দর্শকদের জন্য আমরা ভিন্ন মাত্রার অভিজ্ঞতা নিয়ে আসতে চাই।
সিনেমার থিম এবং শিরোনাম ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেক চলচ্চিত্রপ্রেমী ধারণা করছেন, এটি দর্শকের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে নাড়বে।
কাস্টিং এবং শুটিং নিয়ে অনিক বিশ্বাস জানান, সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। কাস্টিং-এ থাকবে বৈচিত্র্য, যা গল্পকে আরও প্রাণবন্ত করবে। নতুন বছরের শুরুতেই আমরা শুটিং শুরু করার পরিকল্পনা করেছি।
‘মার্বেল’ সিনেমার প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস এবং উল্লেখযোগ্য বিষয় হলো, পরিচালনার পাশাপাশি গল্প, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন অনিক বিশ্বাস নিজেই। নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, ‘মার্বেল’ দেশের সিনেমা জগতে নতুন মানদণ্ড স্থাপন করবে।
আরটিভি/কেআই




