বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ দেওয়া হয়েছে। এবার ব্যান্ড হিসেবে একুশে পদক অর্জন করেছে ওয়ারফেজ। আর একুশে পদক পাওয়ার পর তা নিয়ে রিকশাযোগে ফিরেছেন দলটির সদস্যরা।
যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ব্যান্ড ওয়ারফেজের প্রতিষ্ঠাতা ও প্রধান গিটারবাদক ইব্রাহিম আহমেদ কমল লিখেন, আমরা একুশে পদক গ্রহণ করে রিকশায় করে ফিরে এসেছি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন।
এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে একুশে পদকপ্রাপ্তরা হলেন—
অভিনয়ে: ফরিদা আক্তার ববিতা
চারুকলায়: অধ্যাপক মো. আব্দুস সাত্তার
স্থাপত্যে: মেরিনা তাবাসসুম
সংগীতে: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
নৃত্যে: অর্থি আহমেদ
পালা গানে: ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতায়: শফিক রেহমান
শিক্ষায়: প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্যে: তেজস হালদার জস
একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।
আরটিভি/এমএইচজে





