নতুন সিনেমা সর্দারবাড়ির খেলা মুক্তির আগেই তৈরি হয়েছে বিতর্ক। ছবির নায়ক জিয়াউল রোশান অভিযোগ করেছেন, চুক্তি অনুযায়ী সম্মানী পরিশোধ না করেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কারণেই তিনি প্রচারণা কার্যক্রম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান।
গণমাধ্যমের বরাতে জানা গেছে, ২০২২–২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া পুলসিরাত নামের এই সিনেমার শুটিং শেষে পরে নাম পরিবর্তন করে রাখা হয় সর্দারবাড়ির খেলা। সম্প্রতি ট্রেলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়, আগামী ৮ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তবে ট্রেলার প্রকাশের পর থেকেই নায়ক-নায়িকা ও নির্মাতাদের প্রচারণায় দেখা যাচ্ছে না। যা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। রোশানের দাবি, তিনি আট লাখ টাকার চুক্তিতে অভিনয় করেন এবং শর্ত ছিল ডাবিংয়ের আগেই পুরো অর্থ পরিশোধ করা হবে। কিন্তু সেই টাকা এখনো পরিশোধ করা হয়নি।
তিনি আরও জানান, বিষয়টি তিনি পরিচালককে জানিয়েছেন এবং সম্মানী না পাওয়ার কারণেই প্রচারণায় অংশ নিচ্ছেন না।
অন্যদিকে প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের প্রথম সিনেমা এবং কিছু আর্থিক জটিলতা তৈরি হয়েছে। তাদের দাবি, নায়কের বকেয়া শিগগিরই পরিশোধ করা হবে এবং সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।
পরিচালকও জানিয়েছেন, নায়ক-নায়িকা ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
এদিকে নায়িকা শবনম বুবলী বর্তমানে ঢাকায় থাকলেও সরাসরি প্রচারণায় অংশ নিতে পারছেন না। তিনি ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার প্রচারণায় যুক্ত থাকবেন বলে জানা গেছে।
সব মিলিয়ে মুক্তির আগেই সম্মানী বিতর্কে আলোচনায় এসেছে সর্দারবাড়ির খেলা। যা সিনেমাটির প্রচারণাকেও করেছে অনিশ্চিত।
আরটিভি/জেএমএ




