কয়েক মাস আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাজনীন নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তখন বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের অবস্থান পরিবর্তন করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করছেন, তবে কি বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী?

ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর ইতোমধ্যেই শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি নাজনীন নীহা।
এ বিষয়ে নাজনীন নীহা আরটিভি অনলাইনকে বলেন, আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি ; ফেসবুক স্ট্যাটাস এনগেজড মিনস : আমি এখন আর সিঙ্গেল না ; very simple ; somehow somewhere আমি এখন এনগেজড । এই ইনফরমেশনটা যেভাবে কাউকে খুঁজে বের করতে হয়নি ; আমি নিজেই জানিয়েছি । কোন একটা সুইটেবল সময়ে ইন্ডিভিজুয়াল এর পরিচয়ও পেয়ে যাবেন ।
এখন ক্লারিফাইয়ের জন্য আপাতত এতটুকুই ।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট ঘিরেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে অভিনেত্রী জানান, সেটি মূলত একটি নাটকের প্রচারণার অংশ ছিল।
তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পরও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। ফলে তার বাগদান সত্যিই সম্পন্ন হয়েছে কি না, কিংবা কাকে বিয়ে করতে যাচ্ছেন সেসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তার হবু জীবনসঙ্গীর পরিচয় বা বিয়ের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
আরটিভি/এসকে




