সিনেম্যাটিকভাবে টয়ার গাড়ি চেজ করে আটকালেন মাহিম করিম খান। এরপর হাঁটু গেঁড়ে বসে ভালোবাসার আহ্বান। টয়ার মিষ্টি হাসিই বলে দেয় এমন রোমান্টিক প্রেমের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত তিনি।
শুরু হয় নতুন জীবনের শুরু। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অবিশ্বাসের কালো মেঘ। সেখান থেকেই বিরহের সূচনা। শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝির অবসান। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ গান-ভিডিও ‘তোর মনে’। বৃহস্পতিবার গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গানে কণ্ঠ দিয়েছেন বুলবুল। সুর বুলবুল আহমেদ। সঙ্গীত আয়োজন ও ভিডিও পরিচালনায় রুম্মান চৌধুরী।
আর ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী টয়া এবং মডেল মাহিম করিম খান।
এর আগে ভারতের টি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন বাংলাদেশের মাহিম করিম খান।
আবরার সিয়ামের গাওয়া ‘ইতনা দূর’ গানটিতে মাহিমের অভিনয় বেশ প্রশংসিত হয়।
প্রথমবার বাংলা গান কোনও গানে মডেল হন ‘ধরো না’ মিউজিক ভিডিওতে।
নতুন গান প্রসঙ্গে মাহিম আরটিভি অনলাইনকে বলেন, ভারত থেকে সামনে আমার আরও নতুন কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ হবে। এরই মধ্যে বেশ কিছু কাজ এগিয়েছে। তবে আমি চেয়েছিলাম বিশ্ব ভালোবাসা দিবসে নিজের দেশের দর্শকদের জন্য কিছু করার। ভালোবাসা দিবসে এই গানটি দর্শকদের জন্য আমার ও টয়ার পক্ষ থেকে উপহার।
এম/এমকে
