নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করলেন পপি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৪৮ পিএম


নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করলেন পপি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘসময় আড়ালে আছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা। শোনা গেছে বিয়ে করে সন্তান-সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। বহু চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি সাংবাদিক থেকে শুরু করে তার কাছের অনেকে।

বিজ্ঞাপন

সর্বশেষ পপি একসঙ্গে তিনটি সিনেমার কাজ করছিলেন। আড়ালে যাওয়ার কারণে সেই তিনটি সিনেমার প্রযোজক বেশ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। কাজ শেষ না হওয়ার কারণে সিনেমাগুলোর মুক্তিও দিতে পারছেন না। 

পপি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। 

বিজ্ঞাপন

পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন পপি। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিওবার্তা দিলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে পপি প্রকাশ্যে আসেন। জানান বিয়ে-সন্তান-সংসারের খবর। 

পপির খোঁজ পাওয়ার পর নির্মাতারা আটকে থাকা সিনেমা নিয়ে আশা দেখছিলেন। তার সঙ্গে যোগাযোগ করে সিনেমার কাজ শেষ করার চিন্তা করছিলেন। তবে পপি ছিলেন নিশ্চুপ। সিনেমা নিয়ে কোনো কথা বলছিলেন না।

বিজ্ঞাপন

সম্প্রতি নীরবতা ভেঙে নিজের শেষ না হওয়া সিনেমা নিয়ে কথা বললেন পপি। স্বীকার করলেন, বেশ কয়েকটি সিনেমা তার জন্য ঝুলে গেছে। এ কারণে নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী।

১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পপি বলেন, দুটি সিনেমা নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে এসব সিনেমার নির্মাতারা বিপাকে আছেন। কিন্তু মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে। মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। মনের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির কারণেই হোক, আমার গ্যাপটা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পপি আরও বলেন, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, আমার দ্বারা কারও কোনো দিন ক্ষতি হয়নি। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয়, আটকে থাকা কাজগুলো শেষ করে দেব। না হলে মাফ চেয়ে নেওয়া ছাড়া করার কিছু নেই। তাঁরা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।

পপি আরও জানান, ভবিষ্যতে ক্যামেরার সামনে তার ফেরার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে তার। এর আগেও প্রযোজক হিসেবে পাওয়া গিয়েছিল পপিকে। তবে নতুন করে প্রযোজনা করার বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান পপি।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission