ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখনও সংকটাপন্ন। সেইখানেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
হাদির ওপর হামলার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সেই তালিকায় আছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
দেশের রাজনৈতিক ইস্যুতে সরব ভূমিকা পালন করেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়ও বসে নেই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে প্রকাশ করেন নিজের মত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চমক লিখেছেন, হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে,তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধঘোষণা।
চমকের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নিজের মত দিয়েছেন। একজন লিখেছেন, যাথার্থ বলেছেন।
অন্যজন বলেছেন, হাদি ভাইকে ফিরতেই হবে।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।
এই চিকিৎসক জানান, রোগীকে এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তবু একটুখানি আশার জায়গা আছে, রোগীর শরীরে এখনো সাইন অব লাইফ আছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গেছে।
ডা. সায়েদুর বলেন, হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা গেছে।
আরটিভি/এএ




