সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে: ডিএমপি কমিশনার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২২ জুলাই ২০১৭ , ০৩:০০ পিএম


সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে: ডিএমপি কমিশনার (ভিডিও)

শাহবাগে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেড কোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার হাতজোড় করে বলা হয়েছে সড়ক অবরোধ না করা জন্য। তারপরও তারা সেখানে অবরোধ করেন। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতের ঘটনায় তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমি শুনেছি ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ বলছে, তাদের নিজেদের ঢিলা-ঢিলিতেই ওই শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা দাবি করছে পুলিশের সঙ্গে সংঘর্ষে এমনটি ঘটেছে। তাদের বক্তব্য পরস্পরবিরোধী।

গেলো বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর ৭ সরকারি কলেজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেয়।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।

শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। তাদের লাঠিপেটাও করা হয়। ওই কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ও ঢাকা কলেজের শিক্ষার্থী মাইনুল হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ১ হাজার ২শ’ শিক্ষার্থীকে।

মামলার এজাহারে বলা হয়, মিছিলকারীদের ছোড়া ফুলের টবের আঘাতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের (২৩) দুই চোখ জখম হয়।

যদিও আহত ছাত্রের সহপাঠীরা দাবি করেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ারশেলেই সিদ্দিকুর আহত হন।

ঢামেক চক্ষু বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. ওয়াসেক বীন শহিদ জানান, আহত ছাত্র সিদ্দিকুর রহমানের দু’চোখে গুরুতর আঘাত আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

ওই হাসপাতালে তার দুই চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা বলছেন, সিদ্দিকুরের চোখের আলো ফেরার সম্ভাবনা কম।

 

 

আর/ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission