ইরানের পক্ষ নিলো আরও এক মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ জুন ২০২৫ , ০২:৪৭ পিএম


ইরানের পক্ষ নিল আরও এক মুসলিম দেশ
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর এই সংঘাতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। সেই তালিকায় যুক্ত হলো আরও একটি মুসলিম দেশ।

ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় টেলিফোন আলাপের সময় শেখ তামিম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেন, তার দেশ সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করে। 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা, যাতে অঞ্চলে অগ্রগতি ও স্থিতিশীলতা আসে। কিন্তু শুরু থেকেই জায়নিস্ট সরকার এ অগ্রগতিতে বাধা দিতে চাইছে এবং অস্থিরতা সৃষ্টি করছে।

আরও পড়ুন

তিনি আরও সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র এই অপরাধকে সমর্থন দিচ্ছে এবং চাইছে যে তারা যা চাইবে তাই চাপিয়ে দেবে। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ইরান কারও চাপ মানতে রাজি নয়। ইরান নিজের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সম্পূর্ণ সক্ষম।

অন্যদিকে কাতারের আমিরের ভাষ্য, কাতার ঘৃণ্য এ হামলার নিন্দা জানাচ্ছে এবং বিশ্বাস করে যে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের।

তিনি আরও বলেন, কাতার ইরানকে সমর্থন দিতে অঙ্গীকারবদ্ধ এবং আলাপ ও সমঝোতার মাধ্যমে শান্তিতে পৌঁছাতে চাইছে। অপর দেশগুলোকেও এই অবস্থান সম্পর্কে অবহিত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। 

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার (১৩ জুন) রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। এতে টানা কয়েক দিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission