নীল চোখের সৌন্দর্যে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ‘চা ওয়ালা’ আরশাদ খান অবশেষে পাকিস্তানি নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চ তার আবেদন গ্রহণ করে নাগরিকত্বের মর্যাদা ফিরিয়ে দেওয়ায় বিতাড়িত হওয়ার মতো বড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। দেশটির জাতীয় ডেটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (এনএডিআরএ) তার সমস্ত নথি যাচাই করে সেগুলোকে বৈধ বলে নিশ্চিত করেছে। খবর পাকিস্থানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
গত বছর থেকে পাকিস্তান অনিবন্ধিত আফগান নাগরিকদের বিতাড়ন প্রক্রিয়া জোরদার করায় আরশাদ খানের মতো অনেকের মধ্যেই বিতাড়িত হওয়ার ভয় বাড়ছিল। একটি টিভি চ্যানেলে আফগান নাগরিক হওয়ার গুজব ছড়ানোর পর ২০১৭ সালে তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছিল। তবে আদালত তার পক্ষে রায় দেয়ায় এনএডিআরএ কর্তৃপক্ষ ব্লক করে দেওয়া পরিচয়পত্র ও পাসপোর্ট পুনর্বহাল করেছে এবং আদালতের কাছে একটি সম্মতি প্রতিবেদন জমা দিয়েছে।
রায়ের প্রতিবেদন অনুসারে, আরশাদ খানের আসল নাম জার খান। তার বাবার নাম বাজ মুহাম্মদ খান। তিনি ১৯৯৯ সালে ইসলামাবাদের শাহ আল্লাহ দিত্তায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। তার বাবা বাজ মুহাম্মদ খান ১৯৮৪ সালে পাকিস্তানি পাসপোর্ট পেয়েছিলেন।
আরশাদ খানের আইনজীবী জানিয়েছেন, আদালত থেকে নাগরিকত্ব ফিরে পাওয়ায় আরশাদ খান শিগগিরই ইসলামাবাদের সানডে বাজারে তার চায়ের ব্যবসা আবার শুরু করার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য আরশাদ খান ২০১৬ সালে চায়ের দোকানে কাজ করার একটি ছবি ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে পরিচিতি পান। তবে একটি টিভি চ্যানেলে আফগান নাগরিক হওয়ার গুজব ছড়ানোর পর ২০১৭ সালে আরশাদ খানের আইডি কার্ড ব্লক করে দেওয়া হয়েছিল। তিনি এই বছরের শুরুতে লাহোর হাইকোর্টে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ব্লক করে দেওয়ার বিরুদ্ধে আবেদন করেছিলেন।
আরটিভি/এআর




