বিয়ের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে নানা রকম ব্যতিক্রমী আয়োজন করেন বর-কনে। তবে অনেক সময় সেই অভিনবত্বই পরিণত হয় ঝুঁকিপূর্ণ ঘটনায়। ঠিক এমনটিই ঘটেছে ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোয়ায়। যেখানে প্রিওয়েডিং ফটোশুট করতে গিয়ে চলন্ত গাড়ির ওপর বিপজ্জনক ভঙ্গিতে শুয়ে পড়েন এক তরুণ-তরুণী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি কালো রঙের চলন্ত এসইউভির ছাদে শুয়ে রয়েছেন তরুণী, আর গাড়ির বনেটে গা এলিয়ে শুয়ে আছেন তরুণ। কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এভাবে গাড়ির ওপর শুয়ে ছিল তারা।
এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। এক পর্যায়ে এক পথচারী গাড়ি থামিয়ে যুগল ও তাদের আলোকচিত্রশিল্পীকে শাসন করেন। এরপরও ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা।
নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, বিয়েকে কেন্দ্র করে আজকাল আয়োজনের জাঁকজমক এতটাই বেড়েছে যে অনেকেই নিজেদের নিরাপত্তার কথা ভুলে যান। কেউ লিখেছেন, আজকাল ছবি আর ভিডিওর জন্য মানুষ সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত।
আরেকজন বলেন, প্রাণ গেলেও যেন ছবি ভালো আসে এটাই যেন এখনকার মানসিকতা।
পুলিশ এ ঘটনায় কোনো ব্যবস্থা নেবে কি না, তা এখনো জানা যায়নি। তবে ভাইরাল ভিডিওটি আবারও প্রশ্ন তুলেছে প্রিওয়েডিং ফটোশুটের নামে ক্রমবর্ধমান এসব বিপজ্জনক ‘ট্রেন্ড’ কি তরুণ সমাজকে ভুল বার্তা দিচ্ছে?
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




