মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী

কলকাতা প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ১১:৩২ এএম


মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী
তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে হিমশৈল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। ছবি সংগৃহীত

তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে হিমশৈল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার (২০ ডিসেম্বর) দিল্লিতে চলতি শীত মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে নেমে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। দিনভর সূর্যের দেখা না মেলায় এবং ধূসর কুয়াশার চাদরে আকাশ ঢাকা থাকায় হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিজ্ঞাপন

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লির সাফদরজং ও পালাম এলাকায় শৈত্যপ্রবাহের মানদণ্ড ইতোমধ্যে পূর্ণ হয়েছে। পালামে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশ কম।

আরও পড়ুন

শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে দিল্লির দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। সাফদরজং এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটারে এবং পালামে ৩৫০ মিটারে নেমে আসায় যান চলাচল ব্যাহত হয়। দুপুরের দিকে কুয়াশা কিছুটা পাতলা হলেও দিনভর হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট অব্যাহত ছিল। দৃশ্যমানতা কম থাকায় ট্রেন ও বিমান চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীতের এই দাপট এখনই কমছে না। রবিবারও দিল্লির আকাশ ঘন থেকে অতিঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। যদিও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে কুয়াশার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission